নগরের বাইরে
রূপগঞ্জে পুলিশে হামলা ও আসামি ছিনতাই: প্রধান আসামিসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত প্রধান আসামিসহ ৭ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে র্যাব-১৫-এর সহায়তায় তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মো. শামীম মিয়া (৪০), ২. আব্দুল করিম (৩৫), ৩. মো. রুবেল (৩৩), ৪. মানিক হোসেন (৪৪), ৫. মো. আবুল (৪৮), ৬. মাসুদ (৩৮) এবং ৭. মো. খালেদ হোসেন (৪৪)। তারা সবাই রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৫ মে ভোররাতে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ওসি এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। শামীমকে নিয়ে থানায় ফেরার পথে ১৫০-২০০ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি গাড়ি ভাঙচুর করে এবং শামীমকে ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় পুলিশ সদস্যরাও আহত হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফাহিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আসামিরা কক্সবাজারে আত্মগোপন করে আছে। পরে র্যাব-১৫-এর কাছে রিকুজেশন পাঠিয়ে যৌথ অভিযানের মাধ্যমে কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।