নগরের বাইরে
ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও গুলিসহ যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ মো. পলাশ হোসেন আকাশ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (৯ মে) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পলাশ হোসেন আকাশ ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া (শিবু মার্কেট দরগাবাড়ী) এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সস্তাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আকাশকে তল্লাশি করা হলে তার কাছ থেকে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন থানা থেকে এই অস্ত্র ও গুলি লুট হয়েছিল। গ্রেফতারকৃত আকাশ এগুলো বিক্রয় বা অন্য কোনো অশুভ উদ্দেশ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, জঙ্গি দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।