নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ব্যবসায়ী ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে ৪২ পুরিয়া হেরোইন এবং দেশীয় অস্ত্রসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) ভোরে সিদ্ধিরগঞ্জের এসও মিম বিরানী হাউজের সামনে এবং কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে সোমবার ভোর পৌনে ৫টায় ৬নং ওয়ার্ডের এসও মিম বিরানী হাউজের সামনে অভিযান চালানো হয়। এসময় ৪২ পুরিয়া হেরোইনসহ সাইফুল ইসলাম রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন।
ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধার একই দিন ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মনির হোসেন ওমর (২৮), মোঃ রমজান (২৮), মোঃ রিয়াজ (২৩) এবং সবুজ (৪৭)। তাদের দেহ তল্লাশি করে ০২টি ছুরি ও ০১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।