নগরের বাইরে
আদেশ হলেও সোনারগাঁ থানার দায়িত্ব ছাড়ছেন না ওসি মুহিববুল্লাহ; যোগদানে অপেক্ষায় নতুন ওসি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহর বদলির আদেশ জারির চার দিন পার হলেও তিনি এখনো দায়িত্ব হস্তান্তর করেননি। ফলে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি গোলাম সারোয়ার আনুষ্ঠানিকভাবে থানায় যোগদান করতে পারছেন না। এতে থানার প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।
গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি মুহিববুল্লাহকে জেলা পুলিশ অফিসের কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলি করা হয়। একই আদেশে কন্ট্রোল রুমের ইনচার্জ পরিদর্শক গোলাম সারোয়ারকে সোনারগাঁ থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়। আদেশে উভয় কর্মকর্তাকে দ্রুত নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বদলির আদেশ জারির পর চার দিন অতিবাহিত হলেও ওসি মুহিববুল্লাহ সোনারগাঁ থানায় বহাল থাকতে বিভিন্ন মহলে জোর লবিং ও তদ্বির চালিয়ে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, তিনি নিজের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে থানায় অবস্থান করায় নতুন ওসি যোগদানের প্রস্তুতি নিয়েও দায়িত্ব বুঝে নিতে পারছেন না। এর ফলে থানার স্বাভাবিক পুলিশি সেবা ও প্রশাসনিক কাজে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. মুহিববুল্লাহ বদলির বিষয়টি স্বীকার করে বলেন, “বদলি হয়েছে ঠিকই, কিন্তু আদেশে সুনির্দিষ্ট করে বলা নেই যে কবে দায়িত্ব ছাড়তে হবে। কিছু দাপ্তরিক কাজ গুছিয়ে নিচ্ছি, কাজ শেষ হলেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।” তবে কোনো ধরনের লবিং বা তদ্বিরের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি আদেশ বাস্তবায়নে বিলম্ব হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। থানার মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে এবং জনসেবা নিশ্চিত করতে দ্রুত নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।