নগরের বাইরে
সোনারগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) ভোর রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মমিন মিয়া (৪০)। সে সোনাপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। সোমবার ভোর পৌনে ৫টার সময় সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মমিন মিয়াকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের পাশাপাশি যেকোনো অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।