নগরের বাইরে
ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (৩ মে) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা থানার জাজিরা এলাকার আতিয়ার রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৯) এবং বরিশাল জেলার গৌরনদী থানার বামিশার এলাকার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার বিচারকার্য শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কুতুবপুর এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করে এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১১-এর সদর কোম্পানী জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।