নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাহিদ মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ মে, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মজুমদার টিম্বার ফার্নিচার এন্ড ডোর-এর সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ডিবি’র ‘খ’ জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজ ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আসামি নাহিদ মিয়ার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তায় লুকানো ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মূল্য ও আসামির পরিচয়: উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা। গ্রেপ্তারকৃত নাহিদ মিয়া নড়াইল জেলার পশ্চিম বালিয়াডাঙ্গা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।