নগরের বাইরে
রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিশেষ সম্মেলন।
শনিবার (২ মে) বিকেলে তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।
নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইউসুফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুবাইর আহমেদ বলেন, এনসিপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি পরিবর্তনের অঙ্গীকার। তিনি বলেন:
“জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে চায় যেখানে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীনতা হবে মূল ভিত্তি। আমরা কোনো বিদেশি আধিপত্য নয়, বরং একটি স্বাধীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”
তিনি আরও উল্লেখ করেন যে, এনসিপি সব ভিন্নমতকে সম্মান জানায় এবং জাতীয় ঐক্যের মাধ্যমে একটি ‘গণমানুষের রাষ্ট্র’ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
বিএনপি এবং গণঅধিকার পরিষদের স্থানীয় পর্যায়ের প্রায় ৫০ জন নেতাকর্মী এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন।
নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।