মহানগর
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিবাহ নিবন্ধকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার জনাব মোহা: আব্দুল হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যেন আইন লঙ্ঘন না হয় এবং বিবাহ নিবন্ধনের সময় সঠিক যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়—সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ ধরনের সঠিক দায়িত্ব পালন ও আইন মেনে কার্যক্রম পরিচালনার মাধ্যমেই সমাজে বাল্যবিবাহ রোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
দিনব্যাপী এই কর্মশালায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট নিবন্ধকদের কাজের মানোন্নয়ন, আইনগত বিষয়গুলোর ওপর স্বচ্ছ ধারণা প্রদান এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বাল্যবিবাহ নিরোধে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে উপস্থিত নিবন্ধকরা আইন মেনে বিবাহ নিবন্ধন নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।