মহানগর
নারায়ণগঞ্জেসহ সারা দেশে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর জেলার ৩৩ হাজার ২০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, কাল সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।
এবছর নারায়ণগঞ্জের ৫০টি কেন্দ্রে মোট ৩৩ হাজার ২০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। যার মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৯৪৪ জন, ৪টি কেন্দ্রে মাদ্রাসার ৩ হাজার ৩৬৮ জন এবং ৬টি কেন্দ্রে কারিগরি বিভাগের ১ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী রয়েছে।
এবার এসএসসি পরীক্ষা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ১১ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সব পরীক্ষাকেন্দ্রের নির্ধারিত স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে অথবা আগে থেকে থাকা ক্যামেরাগুলো সচল রাখতে হবে। সিসিটিভি ক্যামেরা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিটি কক্ষে সিগন্যাল জ্যামারের কভারেজ নিশ্চিত করতে হবে, যাতে মোবাইল ফোনে নেটওয়ার্ক সিগনাল না থাকে। পরীক্ষা চলাকালে শিক্ষকরাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান বলেন, “আমি এখনো একটি কেন্দ্র পরিদর্শনে আছি। আমরা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রত্যেক কেন্দ্র পরিদর্শন করে সব প্রস্তুতি নিশ্চিত করছি। ইনশাআল্লাহ, আগামীকাল শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে।”