নগরের বাইরে
ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোর্শেদা আক্তার (৩৪) নামের এক নারী মাদক কারবারি কৌশলে পালিয়ে যান।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংপুর এলাকার সামসুল আলমের মোড় সংলগ্ন একটি বাড়িতে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে তারা মধ্য নরসিংপুর এলাকার আলীয়া মাদ্রাসার পূর্ব পাশের জনৈক মো. নাসির প্রধানের বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া মোর্শেদা আক্তার কৌশলে পালিয়ে যান।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোর্শেদার রুমের জাজিমের ওপর থেকে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক মোর্শেদা আক্তার দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন এবং সেখানে থেকেই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে এবং অসাধু মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।