নগরের বাইরে
গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিখোঁজের তিন দিন পর গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশু মাইশাকে (৫) সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার মোহাম্মদ শান্ত (২০) এবং একই ইউনিয়নের হিরনাল এলাকার শাহ আলম (৪০)।
গত ১৮ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ থানার পূর্বাচল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে শ্যামল মিয়ার মেয়ে মাইশা অপহৃত হয়। ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা শ্যামল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
শিশুর নিখোঁজের পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গঠন করা হয়। এসআই (নিরস্ত্র) ফরহাদ হোসেন-এর নেতৃত্বে পুলিশ টিম প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায় অবস্থান নিশ্চিত করে।
আজ ২১ এপ্রিল ভোর ৬:৩০ ঘটিকায় ফুলছড়ি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয় এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারের পর শিশু মাইশাকে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের এই দ্রুত তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।