মহানগর
নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ এপ্রিল সোমবার বিকাল ৫টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগ প্রক্রিয়াকে নির্বিঘ্ন করার প্রস্তুতি হিসেবেই আজকের এই ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের পক্ষে প্যারেডে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব তাসমিন আক্তার, পিপিএম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রতিটি ধাপ যথাযথ নিয়মের মধ্যে পালন করা অত্যন্ত জরুরি।
নিয়োগ কার্যক্রমটি যেন সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সঠিক পদ্ধতি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি ডেমো প্রদর্শন করা হয়।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।