আদালত
সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘রবিউল ফার্মেসি’কে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অপরাধে ‘রবিউল ফার্মেসি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ মার্চ) সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় তদারকি অভিযান চলাকালীন এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
ভোক্তা অধিকার সূত্র জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় রবিউল ফার্মেসিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জনস্বার্থ রক্ষায় এই জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।