ডেঙ্গু ও হাম প্রতিরোধে ফতুল্লায় জামায়াতের বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ
ডেঙ্গু জ্বর ও হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে ফতুল্লার পশ্চিম মাসদাইর খানকার মোড় এলাকায় এই চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. কামরুল হাসান শাকিলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মোমিন বলেন, "জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। মানবসেবার অংশ হিসেবে আমাদের এই ধরনের কল্যাণমুখী ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সমাজ পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত না হলে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। কোনো ধর্মই মানুষকে অন্যায়, অত্যাচার, দুর্নীতি বা রাহাজানির শিক্ষা দেয় না। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।"
বক্তব্যের শেষভাগে সম্প্রতি মাসদাইর এলাকায় ঘটে যাওয়া বিকাশ ব্যবসায়ী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "মাসদাইরে বিকাশ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ডেঙ্গু ও হাম প্রতিষেধক হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয় এবং এই রোগগুলো প্রতিরোধে করণীয় ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজি মো. কামাল হোসেন, সেলিম হোসেন বাচ্চু, বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আবদুল হালিম, সাইফুল ইসলাম সায়েম, সানাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।