সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এই হত্যা মামলার মূল হোতা।
আজ শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, অটোরিকশাচালক মোমিন হত্যাকাণ্ডের পর থেকেই আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের নির্দেশনায় এবং থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে, মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও চালকদের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শাহিনসহ অন্যান্য আসামিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, "মোমিন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"