মহানগর
মজলুম ও দেশবাসীর সেবায় কাজ করার প্রত্যয়: ফতুল্লা থানা এনসিপির নতুন কমিটিতে অপু গাজী ও শাওন উল্লাহ
নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটিতে কুতুবপুর ৯নং ওয়ার্ডের মো: অপু গাজীকে যুগ্ম আহ্বায়ক এবং মো: শাওন উল্লাহকে যুগ্ম সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়েছে।কমিটি ঘোষণার পর এক যৌথ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো: অপু গাজী ও যুগ্ম সদস্য সচিব মো: শাওন উল্লাহ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। একই সাথে তারা নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতৃদ্বয় জানান, তারা সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে এলাকার মজলুম, শোষিত এবং সাধারণ দেশবাসীর সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।স্থানীয় সূত্রে জানা গেছে, যুগ্ম আহ্বায়ক মো: অপু গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে তিনি এলাকায় বেশ প্রশংসিত।
অন্যদিকে, যুগ্ম সদস্য সচিব মো: শাওন উল্লাহ শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এলাকায় শিক্ষাবিস্তারে মো: শাওন উল্লাহর পরিবারের বিশেষ অবদান রয়েছে। ঐতিহ্যবাহী রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তাদের পরিবার জমি দান করেছে। শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় তাদের ব্যাপক সুনাম ও সুপরিচিতি রয়েছে।
ফতুল্লা থানা এনসিপির এই নতুন কমিটিতে দুই যোগ্য নেতা স্থান পাওয়ায় কুতুবপুরসহ ফতুল্লার সর্বস্তরের এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এলাকাবাসী প্রত্যাশা এলাকার উন্নয়নে তারা ভূমিকা রাখবে।