জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি: সরাসরি জনগণের অভিযোগ শুনলেন ডিসি রায়হান কবির
সেবা প্রত্যাশী সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে তাৎক্ষণিক নিষ্পত্তি এবং নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আজ এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শুনানির আয়োজন করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জের সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক হয়রানি, ভূমি সংক্রান্ত জটিলতা ও সামাজিক নানা অভিযোগের কথা সরাসরি শোনেন জেলা প্রশাসক। তিনি প্রাপ্ত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আজকের এই গুরুত্বপূর্ণ গণশুনানিতে জেলা প্রশাসকের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ জনগণ এই গণশুনানিতে অংশ নিয়ে তাদের অভাব-অভিযোগ তুলে ধরেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাগরিক সেবাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতি সপ্তাহের বুধবার এই গণশুনানির আয়োজন করা হয়। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শুনানি নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।