সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনাবাহিনীর এক কর্মকর্তার মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে মিনহাজুল হোসেন মীরাজ (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আটক মিনহাজুল হোসেন মীরাজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সেনানিবাসে কর্মরত ক্যাপ্টেন মঈন খান (২৬) গাড়িযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি জোনাকি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ওত পেতে থাকা ছিনতাইকারী মীরাজ হঠাৎ তার হাতের মোবাইল ফোনটি থাবা দিয়ে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
তখনই ক্যাপ্টেন মঈন খান অত্যন্ত তৎপরতার সাথে গাড়ি থেকে নেমে ধাওয়া করে অভিযুক্ত মীরাজকে হাতেনাতে ধরে ফেলেন। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নিজেকে ঢাকা সেনানিবাসে কর্মরত ক্যাপ্টেন মঈন খান হিসেবে পরিচয় দিলেও তিনি অভিযুক্তের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা মামলা করতে রাজি হননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটক মিনহাজুল হোসেন মীরাজ বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।