রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ রবিবার (১৪ জুন) সকালে উপজেলার ব্যস্ততম গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় এই পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি পালন করা হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "ঈদের ছুটিতে মহাসড়কের পাশে বর্জ্য ফেলা হয়েছিল। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। গত দুই দিন ধরে এখানে দিনরাত ময়লা অপসারণের কাজ চলছে।"
মহাসড়কের পাশে স্থায়ীভাবে বর্জ্য ফেলা বন্ধের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "ভবিষ্যতে যাতে কেউ এভাবে যত্রতত্র বা মহাসড়কের পাশে ময়লা ফেলে পরিবেশ দূষণ না করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা রূপগঞ্জে একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করছি, যেখানে শিল্প-কারখানা ও পৌরসভার সব বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে ফেলা হবে।"
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, "বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। এসব প্রযুক্তিকে কাজে লাগাতে পারলে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন ও পরিবেশবান্ধব সম্ভাবনা তৈরি হবে।"
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ।