ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: সাড়ে ১৫ কেজি গাঁজাসহ 'ফাইটার মনির'সহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফতুল্লা মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচিসহ ৩ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুরের গোসাইরহাট থানার সদ্দারপাড়া এলাকার বাসিন্দা ও বর্তমানে মাসদাইর কান্দু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ মনির হোসেন ওরফে ফাইটার মনির (৩৮), মাসদাইর গুদারাঘাট পতেঙ্গার মোড় এলাকার মোতালেবের বাড়ির ভাড়াটিয়া মোঃ নাঈম (৩০) এবং একই বাড়ির অপর ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১নং বাবুরাইল এলাকার বাসিন্দা মোঃ মাসুম (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই (নিরস্ত্র) মোঃ নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর গুদারাঘাট এলাকায় এ বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে তিন মাদক কারবারিকে অবরুদ্ধ করে তাদের হেফাজত থেকে মোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক কাটার কাজে ব্যবহৃত ধারালো কাঁচি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে দেখা গেছে যে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং যে-কোনো অপরাধ দমনে ফতুল্লা থানা পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।