জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ
“গত ৪৫ বছর যাবত মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর শাহাদাত বার্ষিকী পালনের মাধ্যমে জনগণ মহান এই নেতাকে স্মরণ করে আসছে। কারণ জনগণ জানেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্রের চর্চা করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।”
সোমবার (১ জুন) সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
অধ্যাপক মামুন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের জন্য গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন জিয়াউর রহমান। সেই প্রেরণা নিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করে গেছেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণের প্রাণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন রাষ্ট্র পরিচালনা করছেন।”
নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা ও আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন কোনো কাজ যেন না করি যাতে শহীদ জিয়ার আত্মা কষ্ট পায়। শহীদ জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, আমরাও দেশের প্রয়োজনে জীবন দেব।”
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:
- মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি।
- শহীদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি।
- এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি।
- রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।
- সালাউদ্দিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।
- মশিউর রহমান রনি, সদস্য সচিব, জেলা যুবদল।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।