সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত আসামি জসিম গাজী গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি মোঃ জসিম গাজী (৪২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (৩১ মে) দুপুর ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নং ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জসিম গাজী রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মোঃ হানিফ গাজী ও তাওহীদা বেগমের ছেলে। তিনি শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জসিম গাজীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগের আরও ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
আজ সোমবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।