ফতুল্লায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় কর্মীকে মারধর, ক্যাবল লুট ও হত্যার চেষ্টা: থানায় অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এক ইন্টারনেট কর্মীকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং মূল্যবান ক্যাবল লুট করার অভিযোগ উঠেছে।
আজ ৩০ মে, ২০২৬ বিকেল ৩:০০ ঘটিকায় ফতুল্লার কুতুবপুর লাকি বাজার মোড়স্থ পুলের সামনে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী ‘টিম ফাইভ ইন্টারনেট’-এর স্বত্বাধিকারী মোঃ শাওন উল্লাহ (৩৫) বাদী হয়ে কুতুবপুরের স্থানীয় বাসিন্দা সোহেল (৪০), আবির (১৮), সাব্বির (২০), বাপ্পি (১৮) ও শামিল (১৯) সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ শাওন উল্লাহ বিগত ১৫ দিন যাবত কুতুবপুর এলাকায় ‘টিম ফাইভ ইন্টারনেট’ নামের একটি বৈধ ইন্টারনেট প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বিবাদীরা আগে থেকেই ওই এলাকায় নেট ব্যবসা পরিচালনা করায়, শাওন উল্লাহর ব্যবসায়িক অগ্রগতিতে ক্ষুব্ধ হয়ে আসছিল।
গতকাল ৩০ মে বিকেল ৩টার দিকে টিম ফাইভ ইন্টারনেটের কর্মী ইমন আহম্মেদ (১৮) কুতুবপুর লাকি বাজার মোড়স্থ পুলের সামনে গ্রাহকদের ইন্টারনেট লাইনের কাজ করছিলেন। এ সময় বিবাদীরা দেশীয় অস্ত্র, লোহার রড, ছুরি, চাকু, চাপাতি ও হকিস্টিক সহ অতর্কিতে হামলা চালায়। তারা লাইনের কাজে বাধা সৃষ্টি করে এবং আনুমানিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মূল্যের প্রায় ১০০০ মিটার (১ কয়েল) ইন্টারনেট তার লুট করে নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কর্মী ইমন আহম্মেদ বাধা দিলে বিবাদীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এর মধ্যে ১নং বিবাদী (সোহেল) ইমনকে হত্যার উদ্দেশ্যে হাত দিয়ে গলা চিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং ২নং বিবাদী (আবির) তার গায়ের গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলে বুক ও তলপেটে লাথি মারে। পরবর্তীতে অন্য বিবাদীরাও তাকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করে।
ইমনের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা শাওন উল্লাহ ও তার প্রতিষ্ঠানের কর্মীদের ব্যবসা বন্ধ করার জন্য হুমকি দেয়। ব্যবসা বন্ধ না করলে প্রাণনাশ, অফিস ভাঙচুর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী জানান।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ শাওন উল্লাহ প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার এবং তার ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।