জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিআইটি মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে স্মরণসভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেলে শহরের জিমখানা মোড় এলাকার ডিআইটি মাঠে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের সভাপতিত্বে এতে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
স্মরণসভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের সংকটে ও উন্নয়নে জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ এবং এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।