বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজি চালক বাবাকে খুঁজতে বের হয়ে আবু বক্কর সিদ্দিক (২০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৬ মে রাত ১০টার দিকে উপজেলার ঘারমোড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ যুবকের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে মরণ মিয়া (২০)। তিনি বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার সিএনজি চালক সবুজ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। বিভিন্ন সময় তিনি বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যেতেন। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে ফিরিয়ে আনতেন। এ কারণে তাকে সাধারণত একা বাইরে যেতে দেওয়া হতো না এবং ঘরের ভেতরেই চোখে চোখে রাখা হতো।
নিখোঁজ যুবকের বাবা সবুজ মিয়া জানান, গত ১৬ মে রাতে তিনি মদনগঞ্জ এলাকায় তার সিএনজি অটোরিকশা মেরামতের কাজে যান। এ সময় ছেলে তাকে বাসায় না পেয়ে বাবাকে খোঁজার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাননি। পরবর্তীতে গত ২১ মে রাতে বন্দর থানায় হাজির হয়ে একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার নম্বর- ১২৩৭।
কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ আবু বক্কর সিদ্দিকের সন্ধান পেয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে ০১৯২১-৭২৬৬৮২ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।