শিশু রামিসাসহ সারাদেশে নারী নিপীড়নের বিচার দাবিতে নারায়ণগঞ্জে 'কথন'-এর মানববন্ধন
শিশু রামিসাসহ সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ধর্ষণ ও হত্যার বিচার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'কথন'-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা জুথির সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপা নাগ তন্দ্রা। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য স্নেহা, লুবাবা ও সুরাইয়া আক্তার।
সমাবেশে বক্তারা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, “তনু থেকে আছিয়া এবং আছিয়া থেকে রামিসার মতো ধর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার ফলেই বারবার এসব নৃশংসতার পুনরাবৃত্তি ঘটছে। গতকাল রামিসার বাবা ক্ষোভ ও সুগভীর বেদনায় বলেছেন যে তিনি বিচার চান না, কারণ তিনি জানেন এই দেশে বিচার হয় না। বিচার চাওয়াটাও এখন এক ধরনের তামাশায় পরিণত হয়েছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে অবসান চাই। রামিসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে দীপা নাগ তন্দ্রা বলেন, “নারী ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিপরীতে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে ওঠার কথা ছিল, স্বাধীনতার ৫৫ বছর পরেও আমরা তা দেখতে পাইনি। নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলেও বাস্তবে মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না। একদিকে মাদক, জুয়া ও পর্নোগ্রাফি শিক্ষার্থীদের নৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, অন্যদিকে বিচারহীনতার সংস্কৃতি নতুন নতুন অপরাধের জন্ম দিচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও বিচার জানাই। একই সাথে শিক্ষার্থীদের মানবিক ও সুস্থ বিকাশের স্বার্থে পাড়ায় পাড়ায় লাইব্রেরি স্থাপন, পর্যাপ্ত খেলার মাঠ এবং বিকল্প সাংস্কৃতিক আয়োজন নিশ্চিত করতে হবে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে সংগঠনের কর্মসূচি সমাপ্ত হয়।