মহানগর
নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু
নারায়ণগঞ্জে ক্রীড়া প্রতিভা বিকাশ ও তরুণদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এনসিপি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শুরু হয়েছে বিশেষ চ্যাম্পিয়নশিপ ম্যাচ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এই ক্রীড়া উৎসবে এনসিপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জেলা এনসিপি সূত্রমতে, এবারের চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মোট ৮টি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করাই এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য।
জেলা এনসিপির প্রতিনিধিরা বলেন, "খেলাধুলা কেবল শারীরিক কসরত নয়; এটি নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সামাজিক শৃঙ্খলা গঠনে শক্তিশালী ভূমিকা পালন করে। তরুণদের বিপথগামিতা থেকে দূরে রাখতে এ ধরনের
আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।"
দিনভর আনন্দঘন পরিবেশে খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই আয়োজনকে ঘিরে স্থানীয় তরুণ ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।