নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার পলাতক আসামি সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত সিরাজ মন্ডল সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও মন্ডলপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজ মন্ডলের বিরুদ্ধে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৮টি বৈষম্যবিরোধী হত্যা মামলা এবং ১টি অন্যান্য ধারার মামলা। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।