মহানগর
জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হলো, এমপি ও চেম্বার সভাপতির প্রশংসা সবার মুখে নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন বিল আজ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিলসহ েএকাধিক বিল উত্থাপন করেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে জাতীয় সংসদে এসব বিল পাস হয়।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন বিল সংসদে পাম হওয়ায় নারায়ণগঞ্জে সাধারণ মানুষ অত্যন্ত খুশি। তারা এজন্য
নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর প্রশংসা করেন এবং তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। কারণ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ব্যাপারে চেষ্টা করে আসছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। মন্ত্রণালয়ে যোগাযোগসহ বিভিন্ন দপ্তরে এ নিয়ে তিনি জোরালো তদবির করেন। বিল পাশ হওয়াতে স্থানীয় ব্যবসায়ীরা দিপুকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রাচ্যের ড্যান্ডিখ্যাত বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ একটি জেলা হলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদারকির কারণে পরিকল্পিত শহর হিসেবে গড়ে উঠেনি - এলাকার মানুষের এমন অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি অনুধাবন করে গত এক বছর ধরেই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে একটি ব্যবসায়ী দল গত বছরের ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নারায়ণগঞ্জকে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনের তাগিদ দেন। এছাড়া জেলা প্রশাসকের সঙ্গেও একাধিক বৈঠকে এ বিষয়টি নজরে আনেন দিপু ভূঁইয়া সহ ব্যবসায়ীরা।
সর্বশেষ গত বছরের ২৩ ডিসেম্বর প্রায় ১ হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভায়ও নারায়ণগঞ্জে আলাদা কর্তৃপক্ষ গঠনের জোরালো দাবি জানান উপস্থিত ব্যবসায়ীরা। তখনও জোড়ালো ভূমিকা পালন করেছিলেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি তখন সবার সামনে বলেছিলেন তিনি এ ব্যাপারে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। শেস পর্যন্ত তাই করেছেন তিনি।
আজ সংসদে বিল পাস হওয়ার পর সরকারকে ধন্যবাদ জানিয়ে এ বিষয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার প্রতিক্রিয়ায় বলেন, এ বিলের মাধ্যমে নারায়ণগঞ্জেবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। আশা করি এ কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জের আশানুরূপ উন্নয়ন হবে।
এ বিল পাস হওয়ার পিছনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম সারোয়ার সাঈদ বলেন, আমাদের অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহরকে পরিকল্পিতভাবে গড়ে উঠানোর সুযোগ এসেছে। আমরা এটিকে অভিনন্দন ও সাধুবাদ জানাই। আমরা আশা করি ভবিষ্যতেও এ নগরীকে আরো উন্নতির দিকে এগিয়ে নেয়ার জন্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রচেষ্টা চালিয়ে যাবেন। আমরাও তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।
গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, প্রথমেই আমাদের চেম্বারের সভাপতি দীপু ভূঁইয়াকে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকেই তিনি নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ করার জন্য কাজ করে গেছেন। পাশাপাশি নাসিকের সাবেক প্রশাসক আবু নছরের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বোপরি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জ আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং বসবাসের যোগ্য এক নগরীতে পরিণত হবে।