মহানগর
ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল আমিন ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন অভিযোগ করেন।
স্ট্যাটাসে এড. আব্দুল্লাহ আল আমিন বলেন, ফতুল্লায় সরকারি দলের পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও খুনাখুনি ঠেকাতে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায় না। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার অনুরোধ করা হলেও প্রশাসন এ বিষয়ে উদাসীন ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, জুট ব্যবসা সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ আইনি পদক্ষেপ নিতে গেলে থানা থেকে উল্টো আপোষ-মিমাংসার প্রস্তাব দেওয়া হয়। চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিদের প্রকাশ্যে সভা-সমাবেশে প্রশাসনের কর্মকর্তাদের আশপাশে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিচ্ছে।
এমপি আল আমিন সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে জনগণ কাউকে ছাড় দেবে না। প্রশাসনকে স্পষ্ট করতে হবে তারা দলীয় পরিচয়ধারী সন্ত্রাসীদের পক্ষে থাকবে নাকি সাধারণ জনগণের পক্ষে থাকবে।
তিনি সরকারি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, দলের পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দিয়ে জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত নয়। ফতুল্লাবাসী একটি সন্ত্রাসমুক্ত ও নিরাপদ পরিবেশ চায়।