নগরের বাইরে
অপহরনের ১০ দিন পর ফোন, মুক্তিপণ দাবি
নারায়ণগঞ্জের বন্দরে হাবিবুর রহমান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের ১০ দিন পর তার পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অপহরণকারীদের ব্যবহৃত ০১৪০৯৬১৯৯৩৬ নম্বর থেকে হাবিবুরের স্বজনদের কাছে ফোন দিয়ে টাকা দাবি করা হয়। অপহরণকারীরা জানায়, নির্ধারিত মুক্তিপণের টাকা দিলে শিশুটিকে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পৌঁছে দেওয়া হবে।
অপহৃত হাবিবুর রহমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার নূর নবী মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার পথে সেলসারদী এলাকায় রাস্তা থেকে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) হাবিবুরের বাবা নূর নবী মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। যার নম্বর ১৫৪৪। তবে নিখোঁজের ১০ দিন পার হলেও তাকে উদ্ধারে এখনো কোনো সাফল্য দেখাতে পারেনি পুলিশ।
এদিকে, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে অপহরণকারীদের ফোনে পরিবারের উদ্বেগ আরও বাড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে বন্দর থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ জানায়, অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বরটির লোকেশন নারায়ণগঞ্জের কালীবাজার এলাকায় শনাক্ত করা হয়েছে। সেই সূত্র ধরে অভিযান অব্যাহত রয়েছে।
বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপহৃত শিশুটিকে দ্রুত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের আহাজারি আর অপেক্ষা- ফিরে আসবে তো হাবিবুর?