মহানগর
নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরীক্ষা যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কোনোভাবেই নকলের সুযোগ দেওয়া যাবে না এবং এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলীনুর খান। এ সময় জেলার কেন্দ্র সচিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে মতামত তুলে ধরেন এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া সভায় কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়। এ সময় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ভেন্যু নির্ধারণ, আসন বিন্যাস, পরিদর্শক নিয়োগ এবং বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।