নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে ইউএনও’র কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক শীলা সরকার এবং ব্রাঞ্চ এক্সিকিউটিভ সুজাতা আফরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরা।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে নারী ও শিশুর উন্নয়ন ও অধিকার রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিলা পরিষদের সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন এবং গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি এলাকার নারী ও শিশুদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে মহিলা পরিষদের সাথে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ইউএনও মহোদয় যেসব বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ দেখান, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নির্যাতিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী ও কন্যা শিশুদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা প্রদান, কম্পিউটার প্রশিক্ষণ ও মেধাবী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ। এ ছাড়া জেন্ডার ধারণা ও নারীর সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ, বাল্যবিয়ে প্রতিরোধ, বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ কর্মসূচি ও শিক্ষা সহায়তা প্রদান, সেলাই প্রশিক্ষণ প্রকল্প চালু ও সেলাই মেশিন বিতরণ এবং স্থানীয় নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা প্রদান।
মতবিনিময় সভায় মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, "মহিলা পরিষদের দীর্ঘদিনের কাজের ও উদ্দেশ্যের সাথে প্রশাসনের এই উদ্যোগ ও কর্মসূচিগুলোর দারুণ মিল রয়েছে। প্রশাসনের এই ইতিবাচক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আমাদের মাঠপর্যায়ের কার্যক্রম আরও বেগবান এবং কার্যকর হবে।"
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ একটি প্রত্যয়নপত্র প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতার বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচরে আনলে তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক তৎপরতা দেখান। ইউএনও মহোদয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত প্রত্যয়নপত্রটি প্রস্তুত করার নির্দেশ দেন এবং মাত্র ১০ মিনিটের মধ্যে তা নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করা হয়। প্রশাসনের এই দ্রুত ও আন্তরিক সেবায় মহিলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।