বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু, আহত ২
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টায় বন্দর উপজেলার হাজীপুর এলাকার পূর্ব হাজীপুর কবরস্থান রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্থানীয় পূর্ব হাজীপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।
স্থানী সূত্রে জানা গেছে, সকালে পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। কাজ করার একপর্যায়ে টিউবওয়েলের দীর্ঘ লোহার পাইপটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপ ধরে থাকা আহমদ আলীসহ তিনজন তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে গুরুতর অবস্থায় আহমদ আলীকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় জুয়েল (২৮) ও জামান (৪৭) নামে আরও দুজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে জুয়েলকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে স্কুল দপ্তরী আহমদ আলীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে হাজীপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে চলছে মাতম।