মোবাইল না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে জখম, পাষণ্ড ছেলে গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পছন্দের মোবাইল ফোন কিনে না দেওয়ায় নিজের জন্মদাতা বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সালমানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে গুরুতর আহত বাবা কামাল মিয়া (৪৫) ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স-মিল গলি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পরে বুধবার (৩ জুন) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুইগড় বাজারে কাঁচামাল (তরকারি) বিক্রি করে যৌথভাবে জীবিকা নির্বাহ করতেন কামাল মিয়া ও তার ছেলে সালমান। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য জেদ ধরছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া তাৎক্ষণিকভাবে ফোন কিনে দিতে অপারগতা জানান।
এই নিয়ে মঙ্গলবার রাতে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। বটির আঘাতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ও গুরুতর জখম হয়।
কামাল মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট (খানপুর) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়ছেন।
ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বুধবার দুপুরে অভিযান চালিয়ে পাষণ্ড ছেলে সালমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় হামলায় ব্যবহৃত রক্তাক্ত বটিটি উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, "মোবাইল ফোন কেনা নিয়ে বিরোধের জেরে ছেলের হামলায় বাবা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেফতার করেছে এবং হামলায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে।"
ওসি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে অভিযুক্ত সালমান মাদকাসক্ত। এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।