নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
সাংবাদিক সংগঠন ‘নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাঠপর্যায়ের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ও জেলার কর্মরত ৫১ জন মাঠপর্যায়ের সংবাদকর্মীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, “সমাজে কতিপয় ব্যক্তির কারণে আমাদের নানা সমালোচনার মুখোমুখি হতে হয়। সেখানে সাংবাদিক বিদ্যুতের মতো মানুষ হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর নামে ফাউন্ডেশন গড়ে দীর্ঘ বছর যাবৎ সমাজ উন্নয়নে কাজ করছেন।”
বর্তমান বিচার ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “রামিসা, ত্বকী, চঞ্চল, সাংবাদিক সাগর-রুনীসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি জানাই। বিচার ব্যবস্থা যদি সাধারণ মানুষের আস্থার জায়গা না হয়, তবে তা নিয়ে আমাদের ভাবতে হবে। প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার করে দ্রুত মামলার নিষ্পত্তি ও রায় কার্যকরের ব্যবস্থা করতে হবে।”
প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, “বর্তমানে বিভিন্ন মিডিয়ার মালিকরা ঢাকায় বসে আমাদের কাজের সমালোচনা করেন, কিন্তু জেলা প্রতিনিধিদের বেতনের কথা ভাবেন না। বদনামের সময় আমরা সামনে থাকি, অথচ আমাদের কষ্ট কেউ দেখে না। সবাই অবহেলার চোখে দেখে, বৈষম্য ও বিভাজন তৈরি করে। সাংবাদিকদের এই চ্যালেঞ্জ ও সংকট অনুধাবন করা জরুরি।”
সভাপতির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “শিক্ষাজীবন থেকেই হযরত ওয়ায়েস করোনি (রাঃ)-এর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই ফাউন্ডেশন গড়ে তুলি। ১৯৯৮ সাল থেকে আমরা মানুষের সেবা ও কল্যাণে কাজ করে চলছি। তারই ধারাবাহিকতায় আজ সাংবাদিকদের মাঝে এই ঈদ উপহার প্রদান। যেন আজীবন মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।”
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, এইচ এম সেকান্দার আলী, মোজাম্মেল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সহ-সভাপতি মো. আসলাম মিয়া, সাদ্দাম হোসেন মির্জা, শাহিন আহমেদ, সুজন এবং শাহ আলম মোল্লা।
এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মী হিসেবে উপস্থিত ছিলেন কাইয়ুম খান, মোক্তার, সোনিয়া দেওয়ান প্রীতি, জসিম উদ্দিন, মো. লিটন হোসেন, তারেক হোসেন, আক্তার হোসেন, মশিউর রহমান, সেন্টু, জহিরুল, সাজু হোসেন, নূর ইসলাম, শাহজাহান মাসুম, জুয়েল রানা, শাহীন ভান্ডারী, উজ্জ্বল, আয়ান, মিঠুন, জহিরুল ইসলাম, মনির হোসেনসহ আরও অনেকে।