নগরের বাইরে
কাঁচপুরে ডিভাইডারে ধাক্কা লেগে ট্রাকে ভয়াবহ আগুন, আহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা দিয়ে একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক কাঁচপুর ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি ব্রিজের মাঝখানে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা দ্রুত ট্রাকের সামনের অংশে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়েন। স্থানীয়দের দাবি, লাফিয়ে পড়ার সময় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অতিরিক্ত গতির কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থলে ছিলেন না; ধারণা করা হচ্ছে তারা চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন।"
বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।