নগরের বাইরে
নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মোসাঃ খাদিজা আক্তার (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকায় এই অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ডিবি’র ‘খ’ জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই শরীফুল হাসানসহ একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে ফরাজিকান্দা প্রধান ফিলিং স্টেশনের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় নারী কনস্টেবলের সহায়তায় তার হেফাজত থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত খাদিজা আক্তার ফতুল্লা থানার মাসদাইর (ঘোষবাগ) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মাদক সরবরাহ করে আসছিলেন। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে আগে থেকেই ফতুল্লা ও বন্দর থানায় তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।