মহানগর
সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা সামছুন নূর বাঁধন সংরক্ষিত নারী আসনে এমপি হওয়া নিয়ে আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের প্রতি তার কোনো আগ্রহ নেই; বরং তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনসেবা করতে চান।
পোস্টে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের সঙ্গে তার পরিবারের সম্পর্ক বহু দশকের এবং এটি আত্মিক ও অবিচ্ছেদ্য। রাজনীতি তার কাছে উত্তরাধিকার নয়, বরং জনসেবার দায়বদ্ধতা। তিনি তার দাদা মরহুম জালাল হাজি সাহেব ও বাবা অ্যাডভোকেট আবুল কালামের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
পেশায় আইনজীবী বাঁধন বলেন, আদালতে মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য লড়াই করাই তার প্রতিদিনের দায়িত্ব। পাশাপাশি জন্মভূমি নারায়ণগঞ্জের মানুষের স্বপ্ন ও প্রত্যাশা তার কাছে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সম্প্রতি অনেক শুভানুধ্যায়ী ও সহকর্মী তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুপ্রাণিত করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, “সত্যিকারের জননেতা হতে হলে জনগণের সরাসরি রায়ের কোনো বিকল্প নেই।”
সামছুন নূর বাঁধন বলেন, “সংরক্ষিত আসনের মোহ আমাকে টানে না। আল্লাহ কবুল করলে আমি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমার লড়াই আপনাদের অধিকারের জন্য, আর আমার শক্তি হবে আপনাদের ভোট।”
সবশেষে তিনি নারায়ণগঞ্জবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন এবং ভবিষ্যতে সরাসরি নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।