মহানগর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা রক্সি'কে গ্রেফতার করেছে র্যাব-১১
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের অপরাধী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ১০/০৪/২৬ ইং তারিখ সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করে সোনারগাঁও এলাকার ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি (৩৫), পিতা- নজরুল ইসলাম নজু,সাং- দমদমা, ইউনিয়ন- মোগড়াপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র পর্যালোচনায় দেখা যায় যে, গ্রেফতারকৃত রক্সি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করত। সাধারণ মানুষের জমি দখল এবং স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে সে লিপ্ত ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮ টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।