মহানগর
নারায়ণগঞ্জে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে চূড়ান্ত নির্বাচিত ৫৫ জন
নারায়ণগঞ্জে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ৫৫ জন নারী ও পুরুষ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৮ মে) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনো ধরনের সুপারিশ বা অনিয়ম ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ও নিজেদের যোগ্যতার মূল্যায়নে অনেকেই আনন্দে অশ্রুসিক্ত হন এবং সহপ্রার্থীদের সঙ্গে কোলাকুলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জেলা পুলিশ জানায়, গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মূল কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও যোগ্যতাসহ বিভিন্ন ধাপের যাচাই-বাছাই শেষে গত ৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সোমবার সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে মোট ৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ এই প্রার্থীরা তাৎক্ষণিকভাবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর, মেধা, যোগ্যতা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে ৫৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে জেলা নিয়োগ বোর্ড।