মহানগর
বন্দরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, আসামি পলাতক
নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর নানী বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করেন। মামলায় দেউলী চৌরাপাড়া এলাকার ইউসুফকে একমাত্র আসামি করা হয়েছে। মামলা নং- ১৯(৪)২৬।
ঘটনার বিবরণ:
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার (১২ এপ্রিল) বিকেলে দেউলী চৌরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় আমিরবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার নানী পেশায় একজন বাবুর্চি। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে নানী কিস্তি অফিসে গেলে বাড়িতে নাতনি একা ছিল। বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করার সময় প্রতিবেশী ইউসুফ তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় এবং একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে।
বিকেল পৌনে ৫টার দিকে নানী বাড়ি ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে কারণ জানতে চাইলে সে বিস্তারিত বর্ণনা দেয়।
পুলিশের পদক্ষেপ:
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।