মহানগর
কোনো দেশের চাপে বৈষম্যবিরোধী বিপ্লবের বিপক্ষে কাজ করলে জনগণ মেনে নেবে না: মাওলানা আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রত্যাশা করেছিল। যেখানে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে, সেখানে কোনো দেশের চাপে পড়ে এর বিপক্ষে কাজ করলে জনগণ তা মেনে নেবে না। প্রয়োজনে বৈষম্যের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে উঠবে।
শুক্রবার (৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের সানারপাড় কলেজ মাঠে নারায়ণগঞ্জ মহানগরী সাংগঠনিক সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “ক্ষমতার লাল চশমা পরে বর্তমান সরকার ইতিহাস ভুলে যাচ্ছে। হাসিনার আমলের মতো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।” তিনি বলেন, একটি স্বাধীন পতাকা অর্জন করা গেলেও সমাজ এখনো বৈষম্যমুক্ত হয়নি। যারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “বিচার মানি কিন্তু তালগাছ আমার—এই নীতি পরিহার করতে হবে।” এসময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মো. খালেককে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ইসলামের আদর্শে দেশ গড়ার আহ্বান জানান।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এছাড়া মজলিশে সূরার সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকি উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তারা খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থার উদাহরণ টেনে প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।