মহানগর
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ রামারবাগ রিয়া গোপ স্টেডিয়াম এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা ফতুল্লার রামারবাগ রিয়াগোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনে সড়ক থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।