মহানগর
শহীদ জিয়া হল প্রাঙ্গণে জাসাস এর বাংলা বর্ষবরণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) মঙ্গলবার বিকেল ৪টায় চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসেবে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি উপস্থিত থাকবেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্য রাখবেন জাসাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের পক্ষ থেকে অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা ও মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জি এম স্বাধীন অনুরোধ জানিয়েছেন।