আদালত
ফতুল্লায় ছিনতাইয়ের ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ: ‘ন্যাড়া বাহিনী’ প্রধান কিলার বাবু নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপরাধ জগতের এক সময়ের ত্রাস এবং ‘ন্যাড়া বাহিনীর’ প্রধান রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় লিটন নামে তার এক সহযোগী গুরুতর আহত হয়েছেন।
নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে ৫টি হত্যাসহ ছিনতাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাবু ও লিটনকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা বাবুর পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত লিটনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরাধ জগতের উত্থান ও ‘ন্যাড়া বাহিনী’
অনুসন্ধানে জানা যায়, এক নারীকে হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে বাবুর হাতেখড়ি এবং ‘কিলার বাবু’ নামে পরিচিতি লাভ। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত এলাকায় তার একচ্ছত্র আধিপত্য ছিল। ছিনতাইয়ের কার্যক্রম পরিচালনার জন্য সে বিশাল এক কিশোর গ্যাং বা সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে, যা এলাকায় ‘নাউড়া’ বা ‘ন্যাড়া
বাহিনী’ নামে পরিচিত ছিল।
অভ্যন্তরীণ কোন্দল: এর আগে এই বাহিনীর সদস্যদের অভ্যন্তরীণ কোন্দলে রুবেল ওরফে ‘কুত্তা রুবেল’ খুন হলে বাহিনীটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তবে বাবু পরবর্তীতে লালপুর ও পৌষাপুকুর পাড় এলাকায় পুনরায় নিজস্ব বাহিনী গড়ে তোলে।
আলোচিত ঘটনা: ২০১৫ সালের ১ জুন ফতুল্লার ডিআইটি মাঠে প্রকাশ্যে ফরহাদ নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালিয়ে ব্যাপক আলোচনায় আসে কিলার বাবু।
পুলিশের বক্তব্য
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। কারা এবং কেন এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।"